২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস অনুসন্ধানে আসছে গ্যাজপ্রম

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম আগামী অক্টোবরে গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশের কয়েকটি কূপ খনন শুরু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম আগামী অক্টোবরে গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশের কয়েকটি কূপ খনন শুরু করবে। বাংলাদেশের গ্যাস খাতের উন্নয়নে যৌথকাজের অংশ হিসেবেই এ কাজ হচ্ছে বলে বুধবার জানিয়েছেন গ্যাজপ্রম ইপি ইন্টান্যাশাল বি ভি-র মহাপরিচালক ভেলেরি গুলেভ। তার নেতৃত্বে গ্যাজপ্রমের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, জালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর ভেলেরি সাংবাদিকদের বলেন, "আগামী অক্টোবর থেকে আমরা কূপ খননের এ কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। এছাড়া গ্যাস পাইপলাইন উন্নত করার কাজ এবছর শেষে শুরু করার আশা করছি আমরা।" "আমরা মনে করি বাংলাদেশের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। আমরা জয়েন্ট ভেঞ্চারেও কাজ করবো", বলেন ভেলেরি। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনুসর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে কাজ করার বিষয়ে আগামী এক মাসের মধ্যেই গ্যাজপ্রমের সঙ্গে সরকারের চুক্তি হবে। এর পরই তারা কূপ খননের জন্য দুটি রিগ নিয়ে আসবে।" তিনি বলেন, প্রাথমিকভাবে তিতাস গ্যাসক্ষেত্রে চারটি কূপ এবং রশিদপুর গ্যাসক্ষেত্রে একটি কূপ খনন করবে গ্যাজপ্রম। তৌফিক-ই-ইলাহি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের সময়ই বাংলাদেশে গ্যাসক্ষেত্রে সহযোগিতার বিষয়টি আলোচনা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় এ দল ঢাকায় এসেছে। তিনি বলেন, "গ্যাজপ্রম আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। এরমধ্যে রয়েছে-কমপ্রেসার স্থাপন, কূপ খনন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি, গ্যাসক্ষেত্রের মাস্টার প্ল্যান তৈরি ইত্যাদি।" গ্যাজপ্রম ইউরোপের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী সংস্থা। তাদের সরবরাহ করা গ্যাসের ওপরই ইউরোপের অনেকগুলো দেশ পুরোপুরি নির্ভর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৩০ ঘ.