২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় সাবেক শিবির নেতা নিহত

ঝিনাইদহ শহরে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করার সময় ট্রাকের চাপায় নিহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোসাদ্দেক হোসেন লাল্টু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 04:33 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঝিনাইদহ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করার সময় ট্রাকের চাপায় নিহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোসাদ্দেক হোসেন লাল্টু। বুধবার সকালের এ দুর্ঘটনায় সিরাজুল ইসলাম নামে আরেক জামায়াত নেতাও নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের অবরোধে দেড় ঘণ্টা ঝিনাইদহ-যশোর সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। সকাল ৬টার দিকে হামদো এলাকায় ট্রাক টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এতে আহত হয়েছেন দুজন। মোসাদ্দেক হোসেন লাল্টু (৩৫) সরকারি কে সি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। সিরাজ (৬১) পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী ও জামায়াতে ইসলামীর রোকন। ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ট্রাক টার্মিনাল মসজিদে ফজরের নামাজ পড়ে মোসাদ্দেকসহ চার জন রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। ওই সময় একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাদের চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। সিরাজ ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মোসাদ্দেকের। আহতদের মধ্যে মিজানুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যজন তাজুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.