ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদেশিক কর্মসংস্থান নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতো সংস্থাগুলোর সঙ্গে আরো সমন্বয় দরকার বলে 'কলম্বো প্রসেসভুক্ত' দেশগুলোর সচিবরা মনে করেন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এশিয়ার জনশক্তি রপ্তানিকারক দেশের জোট কলম্বো প্রসেসভুক্ত দেশগুলোর সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর আইওএম এক বিজ্ঞপ্তিতে জানায়, কলম্বো প্রসেসভুক্ত দেশগুলোর কর্মকর্তারা মনে করেন, এশিয়ার জনশক্তি রপ্তানিকারক এসব দেশের একই ধরনের ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে এক দেশের সমস্যা সমাধানের প্রক্রিয়া অন্য দেশও গ্রহণ করতে পারে।
লিবিয়া ও জাপানের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা।
বাংলাদেশের সমাজকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহদ খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল বৈঠকে অংশ নেন।
বুধবার রাজধানীতে কলম্বো প্রসেসের চতুর্থ মন্ত্রিপর্যায়ের দু'দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আঞ্চলিক ফোরামের চেয়ার হিসেবে ঢাকা প্রথমবারের মতো সম্মেলনের আয়োজন করছে।
কলম্বো প্রসেসভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/০০১০ ঘ.
bdnews24