ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন করতে না পারায় 'আক্ষেপ' প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সবার শেষে করতে গিয়ে হাতছাড়া হয়ে গেছে ডিসিসি নির্বাচন।
ইউনিয়ন পরিষদের শেষ পর্বের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
সর্বশেষ ২০০২ সালের এপ্রিলে নির্বাচনের পর ডিসিসি'র মেয়াদ শেষ হয় ২০০৭ সালে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ নির্বাচন করার উদ্যোগ নিয়েও ভোটার তালিকা না থাকায় তা সম্ভব হয়নি।
তবে এ সময় ছবিসহ ভোটার তালিকা দিয়ে মেয়াদোত্তীর্ণ রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন করে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচিত সরকার আসার পর ইসি কয়েক দফা উদ্যোগ নিয়েও নানা আইনি জটিলতায় নির্বাচন পিছিয়ে যায়।
সিইসি শামসুল হুদা মঙ্গলবার বলেন, সময় অতিক্রম হলে ইসির হাতে আর কিছু থাকে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের সময় থাকায় কারও সঙ্গে আলোচনা না করেই তফসিল ঘোষণা করা হয়েছিল।
স্থ'ানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী একশ ৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা রয়েছে।
মেয়াদ শেষ হওয়ার আগে গত বছর ১৭ জুন সিসিসি নির্বাচন হয়।
সিসিসি নির্বাচনের সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠকে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানে মতামত চাওয়া হয়েছিল বলে উল্লেখ করেন সিইসি।
"সেসময় তারা (সেনাবাহিনী) জানায় ডিসিসি এলাকায় ভোটার তালিকা তৈরি ও হালনাগাদ খুবই জটিল কাজ। তারা এ নির্বাচন সবার শেষে করার পরামর্শ দিয়েছিল। আর সবার শেষে করতে গিয়ে ডিসিসি হাতছাড়া হয়ে যায়। আর তা বাগে আনা যাচ্ছে না।"
তবে সরকারের সবুজ সংকেত পেলে নির্বাচন করতে ইসি প্রস্তুত রয়েছে বলে জানান শামসুল হুদা।
তিনি বলেন, আমরা প্রস্তুত। ডিসিসিতে ব্যবহারের জন্য প্রায় চারশ ইলেকট্রনিক ভোটিং মেশিনও তৈরি হয়েছে। আমাদেরকে বলা হলে ৩০ দিনের মধ্যে আমরা নির্বাচন করতে পারবো।
গত বছর ২ নভেম্বর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ডিসিসি নির্বাচন নিয়ে কিছু বলবো না। কিছু বললেই বিষয়টি জটিল হবে। ডিসিসি নির্বাচন চ্যাপ্টার ক্লোজড।
"মার্চের পর ঝড়-বৃষ্টি হয়। তাই এ সময়ের পর ডিসিসি নির্বাচন কঠিন হবে। "
আগামী বছরের ফেব্র"য়ারিতে বর্তমান তিন সদস্যের ইসির মেয়াদ শেষ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৪৯ ঘ.
bdnews24