বান্দরবান, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া থেকে রাইফেলের ৫২০ রাউন্ড 'পিলেট' উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরা দুর্গম মনাইড়া এলাকায় এ অভিযান চালায়।
বলিপাড়া ১০ রাইফেল্স ব্যাাটালিয়নের উপ-অধিনায়ক জুলফিকার আলী সাংবাদিকদের বলেন, মনাইপাড়ার পাহাড়ি এলাকা থেকে এমএম রাইফেলের ৫২০ রাউন্ড পিলেট (গুলির সামনের অংশ) উদ্ধার করেছে।
এগুলো মাটির নিচে পুঁতে রাখা ছিল।
গত ১৯ মার্চ গ্রেপ্তার দুই জেএমবি সদস্যের দেওয়া তথ্য থেকে এ অভিযান চালানো হয় বলে তিনি জানান।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছালেহ আহমদ বলেন, উদ্ধার করা পিলেট বিজিবি সদস্যরা ব্যাটালিয়ন সদরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন।
গত ১৯ মার্চ বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে বলিপাড়ার পাহাড় থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আস্তানা বিপুল জিহাদী বই, বোমা তৈরির পাউডার ও যন্ত্রপাতি, আটটি জ্যাকেট, আটটি কম্বল ও দুইটি তাঁবু, একটি শক্তিশালী মোবাইল অ্যান্টেনা, আটটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।
ওই সময় শামিন মাহাফুজ (৩৫) ও মো. ইসমাইল হোসেন (৩৬) নামে দুই জেএমবির সদস্যকে আটক করা হয়।
এ দু'জনের দেওয়া তথ্যমতে ৩০ মার্চ পুলিশ আবারো অভিযান চালিয়ে ওই পাহাড় থেকে মাটি চাপা দেওয়া নয়টি গ্রেনেডের বডি এবং গ্রেনেড তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.
bdnews24