২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা ঘোষণায় মদ এনে শুল্ক ফাঁকির চেষ্টা

কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলারের ঘোষণা দিয়ে ১০ হাজার বোতল বিদেশি মদ আমদানি করেছে একটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলারের ঘোষণা দিয়ে ১০ হাজার বোতল বিদেশি মদ আমদানি করেছে একটি প্রতিষ্ঠান। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এই মদ আমদানির মধ্য দিয়ে চার কোটি টাকার সরকারি শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে কাস্টমস কর্মকর্তারা জানান। চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা শাখার কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে বন্দরের ৮ নম্বর ইয়ার্ডের একটি কন্টেইনার খুলে এসব পণ্য দেখতে পান। এছাড়া ওই কন্টেইনারে থেকে ২৫ কার্টন তাসও ছিল। চট্টগ্রামের এসএস এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করে। এর স্থানীয় সিএন্ডএফ এজেন্টস প্রতিষ্ঠান আরজুমান ট্রেডার্স। চট্টগ্রাম কাস্টমসের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের নভেম্বরে এসএস এন্টারপ্রাইজ আরব আমীরাত থেকে পাওয়ার টিলার আমদানির ঘোষণা দিয়ে তা চট্টগ্রাম বন্দরে আনে। স্থানীয় সিএন্ডএফ প্রতিষ্ঠান তা ছাড় করানোর নোটিশ দিলে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে কন্টেইনারের কায়িক পরীক্ষা করে তা ছাড় করানোর সিদ্ধান্ত হলে মঙ্গলবার তা খোলা হয়। ওই কন্টেইনার থেকে চারশ ৫৬টি কার্টন পাওয়া যায়। এর চারশ ৩২টিতে ১০ হাজার তিনশ ৩২ বোতল বিদেশি মদ এবং ২৫টি কার্টনে তাস (প্লেয়িং কার্ডস) পাওয়া যায়। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কাস্টমস কর্মকর্তা ফারুক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৩ ঘ.