সাভার, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ভ্রাম্যমাণ আদালত একটি ঔষধ কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারখানাটির মালিকের জেল জরিমানাও করা হয়।
আরেকটি কারখানার মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা ও তিনজনকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ফেমাস ফার্মাসিউটিক্যালস, সীমা ফার্মাসিউটিক্যালস ও এমদদ ল্যাবরেটরিজে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ঔষধ তৈরি করে বাজারে বিক্রির অভিযোগে এ সাজা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম এ এইচ এম আনোয়ার পাশা।
আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেমাস র্ফামাসিউটিক্যালস ইউনানী ঔষধ তৈরি করে। দু-একটি বাদে এসব ঔষধের কোনো সরকারি অনুমোদন কিংবা ড্রাগ লাইসেন্স নেই।
অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাবরেটরি ও কেমিস্ট ছাড়াই তৈরি এসব ঔষধ বাজারে বিক্রি করা হতো।
এজন্য কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কারখানা মালিক নুরুল্লাহ খানকে আটক করে দেড় বছর কারাদণ্ড, একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নুরুল্লাহ খান বলেন, গত ১৮ বছর যাবত তিনি কারখানা চালাচ্ছেন। এখানে মানহীন ঔষধ তৈরির কথা তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন।
তবে জরিমানার টাকা পরিশোধ না করে তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
বিকালে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার এমদদ ল্যাবরেটরিজ'র কারখানায় অভিযান চালায়।
এখানে সরকারি অনুমোদন ছাড়া চারটি ঔষধ তৈরির অভিযোগে মালিক একরামুল হকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে আদালত। এরমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। একরামুল হক পালিয়ে গেছেন।
এরা হলেন- কবিরাজ আনিছুর রহমান, টেকনিশিয়ান সাঈদ উদ্দিন ও অফিস সহকারী আব্দুল আলীম।
কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে ঔষধ তৈরি করা করা হতো বলে হাকিম আনোয়ার পাশা জানান।
এর আগে এই আদালত রাজ ফুলবাড়িয়া এলাকায় সীমা ফার্মাসিউটিক্যালসে অভিযান চালায়।
এই কারখানার কাগজপত্র ঠিক থাকায় কয়েকটি ঔষধের নমুনা পরীক্ষার জন্য নিয়ে আসেন ঔষধ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানের সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24