রাজশাহী, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে মঙ্গলবার বস্তিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
বস্তিবাসীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ও রাস্তায় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলামের উপস্থিতিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট স্টেশন থেকে ডিঙাডোবা বাইপাস সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।
বস্তিবাসীরা উচ্ছেদ অভিযানে বাঁধা দেয় এবং উচ্ছেদকারী দলকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে উচ্ছেদকারী দলের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লঠিপেটা শুরু করলে ইট পাটকেল নিক্ষেপকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর বস্তিবাসীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ বস্তিবাসীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ও রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়। তারা পুরনো টায়ারে আগুন ধরিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর উচ্ছেদ অভিযান সাময়িক বন্ধ রাখা হয়।
ইটের আঘাতে আহত হন রাজপাড়া থানার কনস্টেবল হাফিজ। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বস্তিবাসী, পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, বস্তিবাসীরা উচ্ছেদে বাঁধা দিয়ে উচ্ছেদকারীদের উপর হামলা চালালে পুলিশ বস্তিবাসীদের ছত্রভঙ্গ করে দেয়। হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮১৭ ঘ.
bdnews24