২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আইনজীবীদের দু'পক্ষের মারামারি, ভাংচুর

বগুড়া আদালত চত্ত্বরে পোস্ট অফিস উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

বগুড়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া আদালত চত্ত্বরে পোস্ট অফিস উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজন আইনজীবী আহত হন। দুটি কক্ষে ভাংচুর করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খান মুক্তা সোমবার জজ আদালত চত্ত্বরে সাব পোস্ট অফিস উদ্বোধন করেন। এরা দুজনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে জানতে চান পোস্ট অফিসের উদ্ধোধন অনুষ্ঠানে কেন আওয়ামী আইনজীবী পরিষদের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি? এনিয়ে দু'জনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী আইনজীবী সমিতির কয়েকজন সদস্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুর করে। এই ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুপুর দেড়টার দিকে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে। এসময় রেজাউল করিম মন্টু ও তার কয়েকজন সমর্থক আইনজীবি সমিতি ভবনের নীচতলায় বসে ছিলেন। মিছিল শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মন্টুকে ধাওয়া দিলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। এতে আইনজীবী আবু জাবেদ জয় ও আতাউর রহমান রাজু আহত হন। পরে পুলিশ এসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর তারা আদালত চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে বুধবার আদালত বর্জনের ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোস্ট অফিস উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে মন্টু সাহেব বারের সাধারণ সম্পাদককে লাঞ্চিত করেন।" বহিরাগত সন্ত্রাসী এনে সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুর এবং পুলিশের সহযোগিতায় আইনজীবীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে রেজাউল করিম মন্টু সাংবাদিকদের বলেন, "পোস্ট অফিস উদ্বোধনের বিষয়ে সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি দুর্ব্যবহার করেন এবং তার গায়ে হাত তোলেন। এতে আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২০ ঘ.