ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করফাঁকির মামলায় জামায়াতে ইসলামি নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলার বাদি জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. মনিরুজ্জামান সাক্ষ্য দেন।
আসামি পক্ষ থেকে এ সময় বাদি মনিরুজ্জামানকে জেরা না করে একটি আবেদন করা হয়। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডে মামলাটি আপোষ নিষ্পত্তির জন্য আসামির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।
বিচারক মো. জহুরুল হক এ আবেদন মঞ্জুর করে আগামী ৯ মে জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
গত ২৩ মার্চ এ মামলায় কাশেম আলীর বিরুদ্ধে বিচারক অভিযোগ গঠন করে ১০ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। পরে তা পিছিয়ে ১৯ এপ্রিল সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করা হয়।
২৩ মার্চ কাশেমের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
মামলায় উল্লেখ করা হয়, ২০০৫-০৬ করবর্ষে মীর কাশেম ২৭ লাখ ৮৫ হাজার ১১৮ টাকার ৩৭ পয়সা আয়ের তথ্য গোপন করে ৮ লাখ ৯০ হাজার ৬১ টাকা কর ফাঁকি দেন।
দিগন্ত মিডিয়া লি. ও কেয়ারী লিমিটেডের চেয়্যারম্যান মীর কাশেমের বিরুদ্ধে গত বছরের ১৯ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার মো. মনিরুজ্জামান মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের তিন দিন পর কাশেম হাইকোর্ট থেকে জামিন নেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/১৭১৫ ঘ.
bdnews24