২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে আইওম মহাপরিচালকের সাক্ষাৎ

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তিনি মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের পক্ষ নেওয়া পদক্ষেপের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আইওএম কর্মকর্তা। লিবিয়ায় এবং এর পাশের দেশগুলোতে আটকেপড়া বাংলাদেশিদের খোঁজ-খবর নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন উইলিয়াম ল্যাসি। এদিকে, লেবানন সঙ্কট, প্রথম উপসাগরীয় যুদ্ধ এবং বর্তমান লিবিয়া পরিস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন হাসিনা। আইওএমের সহায়তায় লিবিয়ায় আটকে পড়া ৩০ হাজার বাংলাদেশির মধ্যে ২৭ হাজার দেশে ফিরেছে। নারী ও শিশু পাচার রোধে আইনের খসড়া প্রণয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতার জন্য ল্যাসিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বুধবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক শ্রমিকদের অধিকার, স্থানান্তর প্রক্রিয়ার সুষ্ঠুতা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫১০ ঘ.