ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন ও পৌর মেয়রদের প্রতি হোল্ডিং ট্যাক্স (কর) আদায় বাড়ানোর তাগিদ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার ঢাকা সিটি কর্পোরেশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ তাগিদ দেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান।
'পরিকল্পিত নগর উন্নয়নে বিএমডিএফ এর ভূমিকা' শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফাণ্ড (বিএমডিএফ)।
বিএমডিএফ চেয়ারম্যান শহিদ খান বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর নিজস্ব আয় বাড়াতে হোল্ডিং ট্যাক্স (কর) আদায়ের পরিমাণও বাড়াতে হবে।
ঢাকা সিটি কর্পোরেশনসহ সব পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বিএমডিএফ আর্থিক সহযোগিতা দেবে, আপনারা (মেয়র) এলাকার পরিকল্পনা তৈরি করে জমা দেন।
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, সিটি কর্পোরেশন এলাকায় চাইলেই কর বাড়ানো সম্ভব হয় না। কারণ আমাদের দেশ দরিদ্র তেমনি নাগরিকরাও দরিদ্র। কর বাড়াতে গেলে নানা ধরনের আপত্তি আসে।
"ঢাকার আশপাশের নদীগুলো এখন ড্রেনে পরিণত হয়েছে। এই মহানগরকে বাঁচাতে হলে নদীগুলো রক্ষা করতে হবে।"
বিএমডিএফ'র ব্যবস্থাপনা পরিচালক কেএম নুরুল হুদা জানান, বিএমডিএফ অর্থ মন্ত্রণালয়ের একটি নিবন্ধিত কোম্পানি । এই প্রতিষ্ঠানটি পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোর ভৌত অবকাঠামো উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা করে থাকে।
"ইতোমধ্যে ১১৪টি পৌরসভা ও ২টি সিটি কর্পোরেশনকে একটি প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নে প্রায় ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২০৩ ঘ.
bdnews24