২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহার কাটা: চীনা প্রতিষ্ঠানকে তলব

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় একটি চীনা প্রতিষ্ঠানকে তলব করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় একটি চীনা প্রতিষ্ঠানকে তলব করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নেতৃত্বে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তার সমীর চন্দ্র নাথ পাহাড় কেটে মাটি সরবরাহের কাজে নিয়োজিত। মাটি কাটার অপরাধে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনো হাইড্রো কোম্পানির পাঁচটি মাটিবাহী ট্রাক, একটি খনন যন্ত্র, একটি পাম্প মেশিন, কেটে রাখা গাছ ও হ্যালোজেন বাতি জব্দ করা হয়। মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার পাহাড় কেটে মাটি সংগ্রহ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেইন প্রকল্পের মাটি ভরাটের কাজ করা হচ্ছিল। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সোনাপাহাড়ের চার একর পাহাড়ি জমি ও টিলা খনন যন্ত্র দিয়ে কাটা হচ্ছিল। "অধিদপ্তরের অনুসন্ধানে পাহাড় কাটায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ও একটি অপরাধী চক্র জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।" এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেছেন, রাতের বেলা হ্যালোজেন বাতি জ্বালিয়ে পাহাড় কাটা হচ্ছে। ঘটনাস্থলে এর আলামত পাওয়া গেছে। পাহাড় কাটার পাশাপাশি সাত-আট ফুট গর্ত করে মাটি তোলা হচ্ছে। ফলে বিশাল এলাকা জুড়ে জমিতে ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানান মুনীর। গ্রেপ্তার সমীরের কাছে থাকা কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, এ পাহাড়ের মাটি ও গাছ ১৮ লাখ টাকায় বিক্রির চুক্তি করা হয়েছে। এ ঘটনায় চীনা কোম্পানী সিনো হাইড্রোর কর্মকর্তা ও পাহাড় কাটার স্থানীয় ঠিকাদারকে মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০১৬ ঘ.