কিশোরগঞ্জ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ পৌর এলাকায় আরো অর্ধশতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
এই নিয়ে সোমবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়ে গেছে।
সোমবার ১৬ জনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন আছে ৬৭ জন। এ ছাড়াও অনেকে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ও নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
ডায়রিয়ায় আক্রান্তদের সকলেই কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বয়লা, সতাল ও তারাপাশা এলাকার বাসিন্দা।
এই এলাকার বাসিন্দারা জানান, মুলত শনিবার বিকালে তারা এই গণডায়রিয়ার বিষয়টি টের পান। এলাকায় অনেকেই শনিবার বিকেল থেকে পেটে ব্যথা অনুভব করতে থাকেন। সময় গড়ানোর সাথে সাথে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় একে একে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত ১৬ জনকে সোমবার হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে রোববার বিকাল ৪টা পর্যন্ত ৪৩ জনকে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডায়রিয়া ওয়ার্ডে ১২ শয্যার বিপরীতে বর্তমানে ৬৭ জন রোগী আছেন।"
শিশু বিশেষজ্ঞ ডা. মো. মহসিন জানান, শয্যা সঙ্কটের কারণে রোগীদেরকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
জেলার সিভিল সার্জন ডা. দ্বীন মোহাম্মদ রোববার হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের দেখতে যান। তিনি সাংবাদিকদের জানান, ৭ সদস্যের একটি চিকিৎসক দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে।
সিভিল সার্জন বলেন, "রোগীদের কথা শুনে ও রোগের লক্ষণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সরবরাহ লাইনের পানি থেকে এ অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ও রোগীদের উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন ডায়রিয়া প্রতিরোধ করার জন্য শহরবাসী বিশেষ করে আক্রান্ত এলাকার বাসিন্দাদের প্রতি স্বাস্থ্য সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
এর আগে তিনি রোববার ডায়রিয়া আক্রান্তদের দেখতে হাসপাতালে যান এবং রোগীদের খোঁজ খবর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭০৪ ঘ.
bdnews24