ময়মনসিংহ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সোমবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান।
নিহতরা হলেন গাইবান্ধার শাহ জামাল (২৫) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার নাজমুল।
ওসি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক ভোরে সাইনবোর্ড এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বিপরীত দিক থেকে আসা অপর একটি মালভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত এবং চালকসহ ১০জন আহত হয় ।
গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24