২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে বসুন্ধরা ও পিংক সিটি কর্মীদের সংঘর্ষ

'নিজের জায়গা' দাবিকে কেন্দ্র করে রাজধানীর খিলক্ষেত এলাকায় রোববার রাতে দুইটি আবাসন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 07:28 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নিজের জায়গা' দাবিকে কেন্দ্র করে রাজধানীর খিলক্ষেত এলাকায় রোববার রাতে দুইটি আবাসন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বসুন্ধরা এবং পিংক সিটি'র কর্মীদের মধ্যে এ সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। রাত ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনার সময় গুলির শব্দও শোনা গেছে। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে কিছু জায়গা নিজেদের দাবি করে পিংক সিটি। "একই জায়গা বসুন্ধরা দাবি করে দখল করতে গেলে পিংক সিটি'র লোকজন বাধা দেয়। ফলে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ-র‌্যাব গিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।" জায়গাটিতে র‌্যাব-পুলিশ অবস্থান নিয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। গত তিনদিন ধরে এই দুই আবাসন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। এই এলাকায় বসুন্ধরা আবাসিক এলাকার সীমানা ঘেঁষে প্রায় ১২শ' বিঘা জায়গা নিয়ে গড়ে উঠছে পিংক সিটি জেনোভ্যালি প্রকল্প। এই প্রকল্পের প্রায় পাঁচশ দোতলা বাড়ির কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০১২৫ ঘ.