ঝিনাইদহ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুজিবনগরে প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৪০ জন।
রোববার বিকালে চুয়াডাঙ্গার দামুরহদা উপজেলার কুড়ালগাছিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রেজাউল ইসলাম (২৩), আনোয়ার হোসেন (৩৮), হারুন, আনোয়ার হোসেন (৪০), রাশেদুল ( ১৫) ও আশরাফ।
আহতদের জীবননগর, চুয়াডাঙ্গা ও যশোর হাসপাতাল এবং দর্শনার দু'টি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে একটি বাসকে ওভারটেক করার সময় দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে ছয়জন নিহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24