২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মঞ্জুরুল ইমাম হত্যাকাণ্ডে একজনের ফাঁসি

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. মঞ্জুরুল ইমাম হত্যাকাণ্ডে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

খুলনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. মঞ্জুরুল ইমাম হত্যাকাণ্ডে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। মামলার অন্য দুই আসামি বেকসুর খালাস পেয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মঈনুল হক এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ড পাওয়া আসামি শুকুর গাজী (৪২) চরমপন্থী সংগঠনের সক্রিয় সদস্য। বেকসুর খালাসপ্রাপ্ত দুই জন হলেন- শেখ আব্দুল রাব্বি ওরফে রিপন ও গণেশ ব্যানার্জী। ২০০৩ সালের ২৫ অগাস্ট নগরীর শামসুর রহমান রোডে নিজ বাসভবন থেকে রিকশায় করে আদালতে যাওয়ার পথে গুলি ও বোমা মেরে মঞ্জুরুল ইমামকে ঘটনাস্থলেই হত্যা করে দুর্বৃত্তরা। সেসময় তার সঙ্গে থাকা সহকর্মী আহত অ্যাড. বিজন বিহারী মন্ডল ও রিকশাচালক সাঈদুল ইসলাম আকন্দও পরবর্তীতে মারা যান। ২৫ অগাস্ট রাতে মঞ্জুরুল ইমামের ছোট ছেলে আব্দুল্লাহ-আল-মামুন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলা দায়ের করেন। হত্যাকাণ্ড মামলার রায় আগেই ঘোষণা করা হয়েছিলো। ২০০৮ সালের ১ সেপ্টেম্বর হত্যা মামলার রায়ে আসামিরা সকলেই বেকসুর খালাস পায়। রোববার হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার রায়ের ঘোষণা দেওয়া হয়। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এম সাজ্জাদ আলী জানান, এ মামলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার পরিদর্শক মো. শাহজাহান হাওলাদার ২০০৪ সালের ১১ মার্চ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযুক্তরা হলেন- শুকুর গাজী, শেখ আব্দুল রাব্বি ওরফে রিপন, গণেশ ব্যানার্জী, ইমাম সরদার ওরফে হাসান ইমাম। ইমাম সরদার পরে জামিনে থাকাবস্থায় ২০০৫ সালে রূপসা উপজেলায় 'ক্রসফায়ারে' নিহত হন। রায় ঘোষণার পর সাজ্জাদ আলী তার প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৮৫৯ঘ.