২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে পুলিশের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

আসামি গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতভর ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সীতাকুন্ড সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রুহুল আমিন সিদ্দিকী জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ ওসমান গনি (২৪) ও সিরাজ মিয়া ওরফে টিপু (২৬)। তারা মিরসরাই এলাকার মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি পারভেজের সহযোগী বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে রক্তমাখা লুঙ্গি এবং ছুরি উদ্ধার করা হয়েছে। তবে মূল আসামি পারভেজকে গ্রেপ্তারে অভিযান চলছে। শনিবার রাতে ওয়ারেন্টভুক্ত আসামি পারভেজকে ধরতে মিরসরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন (২৮)ও এসআই নাছির ওয়ারেন্টভুক্ত আসামি পারভেজকে ধরতে পূর্ব হিঙ্গুলি গ্রামে যান। পারভেজকে ধরার পর ধস্তাধস্তির এক পর্যায়ে বোরহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় পারভেজ। পরে স্থানীয় একটি হাসপাতালে বোরহান উদ্দিনের মৃত্যু হয়। মিরসরাই থানার ওসি হুমায়ুন কবির জানান, বোরহান হত্যার ঘটনায় এ থানায় ওই রাতেই মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/এইচএ/১৮৩৫ ঘ.