চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসিক গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রামের গ্রাহক ও ঠিকাদাররা।
রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনে 'চট্টগ্রাম গ্রাহক পরিষদ' ও 'কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতি' এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ইকরাম চৌধুরী।
লিখিত বক্তব্যে চট্টগ্রামে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু না করার সরকারি সিদ্ধান্তে ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
ইকরাম চৌধুরী বলেন, ২০১০ সালে জুলাই মাসে সারাদেশে একযোগে নতুন গ্যাস সংযোগ বন্ধের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করা হলেও সিলেট অঞ্চলে সব ধরণের গ্যাস সংযোগ অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের প্রায় ১২ হাজার গ্রাহক তাদের চাহিদাপত্রের আট কোটি ৮০ লাখ টাকা (প্রতিজন গ্রাহক সাত হাজার টাকা করে) কোম্পানির কোষাগারে জমা দিয়েও সংযোগ পাচ্ছেন না।
এ ছাড়া নতুন বর্ধিত সংযোগের জন্য আবেদনকারী ছয় হাজার গ্রাহক তিন কোটি টাকা (প্রতিজন গ্রাহক পাঁচ হাজার টাকা কার) কোম্পানির কোষাগারে জমা দিয়েছেন বলে জানান ইকরাম।
এসব গ্রাহকের নথি অনুমোদন দিয়ে চাহিদাপত্র ইস্যু করার দাবি জানান তিনি।
নতুন গ্যাস সংযোগ না দিলেও যাদের আবাসিক গ্যাস সংযোগ আছে তাদের বর্ধিত সংযোগের আবেদন গ্রহণ করে জরুরি ভিত্তিতে সংযোগ দেওয়ার দাবি জানিয়ে ইকরাম বলেন, যেসব বাড়িতে একতলায় গ্যাস সংযোগ আছে সেসব বাড়িতে কিভাবে লাকড়ির চুলায় রান্না হবে?
"চট্টগ্রামের বেশিরভাগ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। দুই হাজার টাকায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করা সম্ভব নয়।"
দেশের নাগরিক হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, উৎপাদনের মাত্র ১২ শতাংশ আবাসিক খাতে ব্যবহার হয়। ফলে সার্বিকভাবে এর প্রভাব পড়ার কথা নয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম গ্রাহক পরিষদের সভাপতি নুরুল আলম চৌধুরী, সম্পাদক জাফর আহমদ, ঠিকাদার কল্যাণ সমিতির সম্পাদক শাহ লিয়াকুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ সিএম/এমসি/পিডি/১৮০৬ ঘ.
bdnews24