২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের মামলা খারিজ

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানির একটি মামলা খারিজ করেছে কক্সবাজারের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

কক্সবাজার, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানির একটি মামলা খারিজ করেছে কক্সবাজারের একটি আদালত। বাদি উপস্থিত না থাকায় রোববার কক্সবাজারস্থ টেকনাফের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শাহেদুল করিম এ আদেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী মোহাম্মদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) এ মামলার অভিযোগ গঠনের চূড়ান্ত দিন ছিলো। কিন্তু মামলার বাদি আদালতে উপস্থিত না থাকায় মামলাটি খারিজ করা হয়েছে।" মাহমুদুর সাংবাদিকদের বলেন, "আমাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো। আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।" গত বছর দৈনিক আমার দেশ পত্রিকায় 'দিন বদলের চাঁদাবাজি' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই বছরের ২ ফেব্র"য়ারি কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির ছোট ভাই আবদুল আমিন মাহমুদুরের বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলায় তার সঙ্গে আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলী ও নগর সম্পাদক জাহেদ চৌধুরীকেও আসামি করা হয়। আদালত অবমাননার দায়ে সাত মাস সাজা খাটার পর গত ১৭ মার্চ মুক্তি পান মাহমুদুর। আমার দেশের মালিকানা নিয়ে জটিলতায় গত বছরের ২ জুন গ্রেপ্তার হওয়ার পর মাহমুদুরের বিরুদ্ধে মানহানিসহ বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধশত মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৩ ঘ.