সিরাজগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. আব্দুল বাকী মির্জা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ।
জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে স্থানীয় চিকিৎসক ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রোববার সকালে শহরে শোকমিছিল করে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতি পালন করা হবে বলে হুমকি দিয়েছেন বিএমএ নেতারা।
শুক্রবার রাত ১২টা পর্যন্ত হাসপাতালে দায়িত্ব পালন করে ডা. মির্জা সরকারি ডরমেটরিতে নিজের কক্ষে যান। শনিবার বিকেল ৩টার দিকে তার মৃতদেহ ওই কক্ষ থেকে পুলিশ উদ্ধার করে।
রোববার সকাল ১০টার দিকে মির্জার প্রথম নামাজে জানাজা সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, বিএমএ জেলা সভাপতি ডা. জহুরুল হক রাজা, মির্জার সহকর্মী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানাজায় শরিক হন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএমএ।
পরে বাকী মির্জার মৃতদেহ সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার রুপপুর নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়।
বেলা ১১টার দিকে বিএমএ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরে শোকমিছিল বের করে।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি দেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাসুদেব সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হত্যাকাণ্ডে মির্জার ভাই আব্দুল লতিফ বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়না তদন্তে নিহতের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।
জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, "হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রশাসনের বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই মাঠে নেমেছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই রহস্য উৎঘাটন হবে।"
তিনি এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৪৮ ঘ.
bdnews24