২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতি নিয়ে জল ঘোলা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

কুরআন-সুন্নাহ মেনেই নারী উন্নয়ন নীতিমালা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে অপপ্রচারে না চালানোর আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

মেহেরপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুরআন-সুন্নাহ মেনেই নারী উন্নয়ন নীতিমালা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে অপপ্রচারে না চালানোর আহ্বান জানিয়েছেন। রোববার মেহেরপুরের মুজিবনগরে এক জনসভায় তিনি বলেছেন, নারী নীতি নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। "কুরআন-সুন্নাহ'র নির্দেশ মেনেই আমরা নারী নীতিমালা দিয়েছি। যারা এই নারী নীতিমালার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, মিথ্যে বলছেন- আমি তাদের এ সব কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাবো", বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের সমঅধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা তার সরকারের দায়িত্ব। বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তিতে আওয়ামী লীগ মুজিবনগরে এ জনসভার আয়োজন করে। স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে হাসিনা বলেন, এ সরকারের সব কর্মসূচিই উন্নয়নমুখী। সরকার সব সমস্যার সমাধান করছে। বিদেশে থেকে বেশি দামে চাল কিনে এনে কম দামে বিক্রি করা হচ্ছে। বিদ্যুৎ সঙ্কট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে সবাইকে জ্বালানি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। ২ লাখ ৩৪ হাজার বেকারকে সরকারি চাকরি দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে উৎপাদনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "পুরো বিশ্বে খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। যে যেভাবে পারেন উৎপাদনমুখী হন। অন্তত একটা করে ফলের গাছ লাগান।" বক্তব্যের শুরুতে মুজিবনগর দিবসের ৪০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানান। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার (তৎকালীন মহকুমা) বৈদ্যনাথ তলার আমবাগানে শপথ নিয়েছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার, পরবর্তী সময়ে তা 'মুজিবনগর সরকার' হিসাবে পরিচিতি পায়। আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, "মিত্র শক্তি ভারত ও রাশিয়া মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছে। মিত্র শক্তির সহায়তায় আমরা পাকিস্তানিদের পরাজিত করেছি।" বঙ্গবন্ধু মুক্ত হয়ে দেশে ফিরে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার শুরু করেছিলেন জানিয়ে বঙ্গবন্ধুকন্যা হাসিনা বলেন, "অনেকের নাগরিকত্বও তখন বাতিল করা হয়েছিলো।" কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, "জাতির পিতাকে হত্যা করার পর থেকে এই পরাজিত শক্তিকে পুনর্বাসনের কাজ শুরু হয়। এরপর যিনি সামরিক আইন জারি করে দেশের শাসনভার নেন, তিনি নামে মুক্তিযোদ্ধা হলেও মূলত রাজাকারের কাজ করেছিলেন। স্বাধীনতাবিরোধীদের তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।" মেহেরপুরের উন্নয়নের প্রতিশ্র"তি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে স্থল বন্দর করা যায় কিনা তা সরকারের বিবেচনায় রয়েছে। ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি আমিনীর সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "তারা বিএনপির 'প্রক্সি' দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বাবার নামের পাশে মায়ের নাম চালু করেছেন। এটা কি তার অপরাধ?" খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি এখন আমিনীকে দিয়ে প্রক্সি খেলাচ্ছেন। আমরা এখনো বলছি- আওয়ামী লীগ কখনো কুরআন-সুন্নাহবিরোধী আইন করবে না।" আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় চার নেতাকে স্মরণ করে বলেন, "নেতার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করাই আমাদের রাজনীতি। কী পেলাম, কী পেলাম না- সেটা বড় কথা নয়। জনগণের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৬২০ ঘ.