ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানকে বাংলাদেশের 'মীরজাফর' অভিহিত করায় ক্ষমতাসীন মহাজোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলাটি খারিজ হয়ে গেছে।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য রায়হান মোর্শেদ।
দুপুরে মধ্যে এর ওপর শুনানি গ্রহণ করে বিকালে তা খারিজের আদেশ দেন মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান।
আদেশে বলা হয়, মানহানির যথাযথ উপাদান না থাকায় মামলাটি খারিজ করা হলো।
আরজিতে বলা হয়, রংপুরের কাচারি মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সমাবেশে ইনু গত ৩ এপ্রিল বক্তব্যে বলেন- 'বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে সামরিক জান্তা জিয়া ও মোশতাক। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের চার নম্বর মীরজাফর।'
৪ এপ্রিল ইত্তেফাকসহ কয়েকটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনেও ইনুর এ বক্তব্য উল্লেখ রয়েছে বলে আরজিতে জানানো হয়।
বাদি বলেন, ওই বক্তব্যে তার দল বিএনপি এবং দলীয় কারণে তার নিজেরও মানহানি হয়েছে।
জিয়া স্বাধীনতা যুদ্ধের অন্যতম সমর নায়ক হলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি ক্ষমতাসীন হয়ে স্বাধীনতাবিরোধী কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেন। এদের মধ্যে একজন আব্দুল আলীম একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য এখন বিচারের মুখোমুখি।
কার্যত জিয়ার এ দিকটির দিকে ইঙ্গিত করেই ইনুর ওই বক্তব্য। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও জিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে আওয়ামী লীগের বিভিন্ন নেতা অভিযোগ করে আসছেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24