২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 03:48 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার (তৎকালীন মহকুমা) বৈদ্যনাথ তলার আমবাগানে শপথ নিয়েছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার, পরবর্তী সময়ে তা 'মুজিবনগর সরকার' হিসাবে পরিচিতি পায়। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবেও ঘোষণা করা হয়। মুজিবনগর দিবসে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সরকারপ্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ প্রধান হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা হাসিনা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করেন। তিনি সাংবাদিকদের বলেন, এ সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। '৭৫ পরবর্তী সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হবে। জিয়াউর রহমানের সামরিক শাসনের দিকে ইঙ্গিত করে আশরাফ বলেন, সামরিক শাসনেই ধরে এনে গুলি করে মেরে ফেলা সম্ভব। ঐতিহাসিক মুজিবনগরেই দিবসটির মূল অনুষ্ঠান হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর মেহেরপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল বনানীতে তিন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তারা তিন জন এবং এএইচএম কামরুজ্জামানই ছিলেন মুজিবনগর সরকারের কেন্দ্রবিন্দু। কামরুজ্জামানের কবর রাজশাহীতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের বিভিন্ন জেলা একের পর এক পাক সেনাদের দখলে চলে যাওয়ায় বিপ্লবী সরকার গঠনের জন্য সীমান্তের কাছাকাছি বৈদ্যনাথতলার আমবাগানকেই নিরাপদ স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে স্থানীয় বৈদ্যনাথ বাবুর সেই আমবাগানের নামকরণ করা হয় মুজিবনগর। ১৭ এপ্রিল মুজিবনগরে বিপ্লবী সরকারের মন্ত্রিপরিষদের আনুষ্ঠানিক শপথ ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও মুক্তিবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এম মনসুর আলী অর্থমন্ত্রী এবং কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। কর্নেল এমএজি ওসমানী ছিলেন অস্থায়ী সরকারের সেনাবাহিনীর চিফ অব স্টাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০১৪ ঘ.