২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শ্রমিকের মাদকাসক্তির কথা জানতো পরিবার

সিঙ্গাপুরে বন্দরে কন্টেইনার থেকে উদ্ধার জীবিত ও মৃত দুই বাংলাদেশি শ্রমিকের মাদকাসক্তির কথা তাদের পরিবার জানতো। পরিবারের সদস্যরা তাদের কোন খোঁজ খবরই রাখতো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে বন্দরে কন্টেইনার থেকে উদ্ধার জীবিত ও মৃত দুই বাংলাদেশি শ্রমিকের মাদকাসক্তির কথা তাদের পরিবার জানতো। পরিবারের সদস্যরা তাদের কোন খোঁজ খবরই রাখতো না। তারা কোথায় যেতো, কী করতো- এ নিয়ে পরিবারের সদস্যদের কোন মাথাব্যথা ছিল না। দুইজনেরই পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছে। এ দুই শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে এ প্রতিবেদককে সাহায্য করেছেন সিঙ্গাপুরের 'বাংলার কন্ঠ' পত্রিকার সম্পাদক এ কে এম মোহসিন ও চট্টগ্রামে মোহসিনের বন্ধু ইসমাইল হোসেন। অপরদিকে কন্টেইনারে আটকে পড়ে মারা যাওয়া ব্যক্তির নাম আলমগীর নয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তারা জানায়, তার নাম আল আমীন ওঝা (৪০)। চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার এস আর বিল বস্তিতে ছোট ভাই ও বৃদ্ধা মাকে নিয়ে বাস করতো সে। জীবিত উদ্ধার হওয়া দীন ইসলামের বাসা নগরীর খুলশী থানাধীন কর্নেল হাট বিশ্বকলোনির আট নম্বর ব্লকে। এই দুই মাদকাসক্ত শ্রমিকের বাড়ি বা বাসায় ফেরা নিয়ে তাদের পরিবারের সদস্যদের কোন উদ্বেগ ছিল না। দীন ইসলাম ও আল আমীন বরাবরই বাড়ির বাইরে গিয়ে ১৫-২০ দিন পর পর ফিরে আসতো। তারা কখনোই ভাবেনি 'নেশা তাদের কন্টেইনারে করে সিঙ্গাপুরে নিয়ে যাবে।' শনিবার সন্ধ্যায় মাদারবাড়ি ও কর্নেল হাটে গিয়ে দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কন্টেইনারে মৃত আল আমীনের ছোট ভাই মো. আলমগীর ওঝা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার দুপুরে আমরা জানতে পেরেছি বড়ভাই সিঙ্গাপুরে মারা গেছে। গত ২০-২২ দিন তার কোন হদিস পাইনি।" "বরাবরের মতো কোন কাজে আটকা পড়েছে বা কোথাও গেছে বলে মনে করেছি। এ নিয়ে আমাদের কোন উদ্বেগ ছিল না।" আল আমীন চট্টগ্রাম বন্দরে মাঝিদের অধীনে জাহাজ ও জেটিতে পরিচ্ছন্নতার কাজ করতো। আট বছর ধরে সে হেরোইন ও গাঁজা সেবন করতো বলে জানান আলমগীর। ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। আল আমীন ১৫ বছর ধরে ওই বস্তিতে বাস করছিলো। তার আশি উর্ধ্ব বয়সী মা রাবেয়া বেগম ভিক্ষা করতেন। দুই ভাই বোনের মধ্যে আল আমীন তৃতীয়। আট বছর আগে বিয়ে করলেও বিয়ের দেড় বছর পর তার স্ত্রী মারা যায়। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বটকাজল গ্রামে। তাদের পিতা ইয়াকুব আলী ওঝা কয়েক বছর আগে মারা গেছেন। কন্টেইনার থেকে জীবিত উদ্ধার হওয়া দীন ইসলামও (৩০) ছিলো মাদকাসক্ত। তাকে একবার নগরীর হালিশহরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিলো। ছয়মাস থাকার পর সে ফিরে আসে কিন্তু শেষ পর্যন্ত শোধরায়নি। তার বড়ভাই মোহাম্মদ বেলাল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। সিএনজি অটোরিকশা চালক বেলাল জানান, দশ-বারো বছর বয়স থেকেই দীন ইসলাম মাঝে মধ্যেই উধাও হয়ে যেতো। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তার খোঁজ খবর রাখা ছেড়ে দেয়। শনিবার দুপুরে সংবাদপত্রে প্রকাশিত খবর ও ছবি দেখে তারা জানতে পারে দীন ইসলাম সিঙ্গাপুরে জীবিত উদ্ধার হয়েছে। বেলাল জানান, দীন ইসলাম বন্দর এলাকায় কাগজ ও ভাঙ্গারি কুড়াত। এ ছাড়াও মালামাল বহনের কাজ করত। তাকে দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সহায়তা কামনা করেন। দীন ইসলামের পিতা শামসুল হক ও মাতা আয়েশা বেগম দুজনই বেঁচে আছেন। এদিকে দীন ইসলাম ও আল আমীনের পরিবারের সদস্যদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোন যোগাযোগ করতে পারেনি। এ ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষের গঠিত কমিটি শনিবার বিকালে বৈঠক করেছে। দীন ইসলাম ও আল আমীন যে জাহাজে কন্টেইনারে আটকা ছিলেন তার ক্যাপ্টেন ও প্রধান কর্মকর্তার সাথে তদন্ত কমিটির সদস্যরা কথা বলেছেন। তদন্ত কমিটির প্রধান ও বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখনো মৃত ও জীবিত কোন ব্যক্তিরই ঠিকানা যোগাড় করতে পারিনি।" "সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে ঠিকানা যোগাড় করার চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১১০২ ঘ.