সিলেট, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে নিুমান সহকারী পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।
শুক্রবার লিখিত পরীক্ষা এবং একইদিন গভীর রাতে ফলাফল প্রকাশ হয়।
শনিবার সকাল ১১টা থেকে তিনঘণ্টা এই পদে নিয়োগ লাভে ইচ্ছুক প্রতিযোগীরা বিক্ষোভ করে এই ফলাফল বাতিলের দাবি জানিয়েছে।
এ সময় তারা জেলা প্রশাসকের বাসভবনের সামনেও বিক্ষোভ করে।
উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে নিুমান সহকারী (এমএলএসএস) পদে শুক্রবার নগরীর ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৯৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।
ওইদিন রাত ২টায় জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল টানানো হয়। এতে কৃতকার্য ২৩৭ জনের মধ্যে মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪৭ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার কথা।
বিক্ষোভকারী শামসুল ইসলাম, সুলেমান, দেবু দাশ, হারিস আলী, সেলিম আলী, আব্দুল আহাদ, শম্পা রাণী ও আসমা বেগম সাংবাদিকদের জানান, ১৮৮৬ নম্বর রোলধারী প্রতিযোগী পরীক্ষায় অংশ না নিলেও তাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে।
এছাড়া ১৭৪১ রোল নম্বরধারী প্রার্থীর নাম তালিকায় দুইবার রাখা হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা প্রশাশনের এক শ্রেণীর কর্মকর্তা টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র করছে।
তারা লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।
এদিকে রোববার সকাল সাড়ে ৯টায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন তা স্থগিত করেছে।
জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম সাংবাদিকদের বলেন, এখনো নিয়োগ দেওয়া হয়নি। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪২ ঘ.
bdnews24