ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর একটি ডোবায় পাঁচ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধলপুর সিটি পল্লী এক ডোবা থেকে মোহাম্মদ বিজয় (৫) নামে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
লাশটি কচুরিপানার নিচে ছিলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম। বিজয়ের মাথায়ও ছিলো আঘাতের চিহ্ন।
সৎ বাবা মঞ্জু এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের সন্দেহ। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি বলেন, বিজয়ের মাকে দেড় বছর আগে মঞ্জু বিয়ে করেন। আগের স্বামীর সন্তান বিজয়ও মায়ের সঙ্গে মঞ্জুর ঘরে আসে।
মঞ্জুর তিন মাসের একটি সন্তান রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24