সুনামগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাওরে এবার প্রথম দিনের ধান কাটার আনন্দই আলাদা। কারণ, গত বছর অকাল বন্যা আর উজান থেকে নেমে আসা ঢলে হাওরের প্রায় সব ফসল ভেসে গিয়েছিলো। একমুঠো ধানও কৃষক ঘরে তুলতে পারেনি।
শনিবার সকালে সুনামগঞ্জের দেখার হাওরে কৃষক বাদশা মিয়া যখন তার বোরো ক্ষেতের প্রথম কাটা ধানের আঁটি বাড়ি নিয়ে আসেন তখন তিনি আনন্দ ধরে রাখতে পারছিলেন না।
"শনিবারই প্রথম ধান কাটতে আমার ক্ষেতে কামলা (ধান কাটার শ্রমিক) নামছে। প্রথম দিন ধান কাটা যে কত আনন্দের তা বলে বুঝানো যাবে না।"-এ কথা বলে আনন্দ প্রকাশ করেন বাদশা মিয়া।
গ্রামের প্রান্তিক কৃষক সবুর মিয়া জানান, গত বছর ধান ঘরে তুলতে না পারায় সারা বছর তাকে ধারদেনা করে অনেক কষ্টে কাটাতে হয়েছে। এখন সেই কষ্ট কিছুটা হলেও ঘুচবে।
আব্দুল্লাপুরের এই প্রান্তিক চাষীদের নুন আনতে পান্তা ফুরায়। তারপরেও ক্ষেতের প্রথম কাটা ধানের কুড়া বাড়ির হাঁস-মুরগিকে ডেকে খাওয়ানো হবে। বাড়ির বউ-ঝিরা সেই ধানের চাল দিয়ে পিঠা তৈরি করবেন। প্রতিবেশিকে দাওয়াত দেবেন। যুগ যুগ ধরে এই রীতিই চলে আসছে হাওরাঞ্চলে।
সুনামগঞ্জে হাওরের গ্রামগুলোতে শুরু হয়েছে ধান কাটার উৎসব। গত বছর ফসল না পাওয়ার কষ্ট ভুলে উৎসব মুখর পরিবেশে ধান কাটা, মাড়াই আর শুকানোতে ব্যস্ত সময় পার করছেন এখানকার মানুষ। 'বৈদেশিরা' (জেলার বাইরে থেকে আসা ধান কাটার শ্রমিক) এসে ভীড় করেছেন হাওর পাড়ের গ্রামগুলোতে।
বেশিরভাগ গ্রামে ক্ষেতের পাশেই তৈরি করা হয়েছে 'খলা' (যেখানে কাটা ধান মাড়াই ও শুকানো হয়)। বৈদেশিরা সেখানেই থাকে। সন্ধ্যার পরও সেই 'খলায়' হ্যাজাকের আলোয় চলে ধান মাড়াইয়ের কাজ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরের দরিয়াবাজ গ্রামের রফনা বেগম ও ছালেকুন নেছা শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ব কাল থেকেই রেওয়াজ হচ্ছে প্রথম যেদিন ধান কাঁটা হবে সেদিন হাঁস-মুরগিকে ডেকে এনে নতুন ধানের কুড়া খাওয়ানো হবে, নতুন ধানের চাল গুড়া করে পিঠা তৈরি করে আশপাশের সবাইকে দাওয়াত খাওয়ানো হবে।"
তারা জানান, শনিবার তাদের প্রথম ধান বাড়িতে এসেছে। এজন্য তারা এমন উৎসবের আয়োজন করেছেন।
একই গ্রামের হালিম বেগম বলেন, "হাওরে ধান কাটা শুরু হয়েছে, গ্রামের মহিলারা এখন ব্যস্ত ধান শুকানোর 'খলা' তৈরীতে।"
গত বছর ফসল হারিয়ে অনেক কৃষক নিজের গোয়ালের গরু-ছাগল পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। কারণ, গরু-ছাগলকে খাওয়ানোর মতো কোনো খড় তাদের কাছে ছিলো না। অপরদিকে বাজারে খড়ের দাম এতো বেড়ে গিয়েছিলো যে, ক্ষতিগ্রস্থ কৃষকের পক্ষে সেই খড় কিনে গরুকে খাওয়ানোর মতো অবস্থাও ছিলো না।
এবার সুনামগঞ্জ জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। কিন্তু হাওরে বোরোর বাম্পার ফলনের পর কৃষি কর্মকর্তারা বলছেন উৎপাদন সাত লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে।
দরিয়াবাজ গ্রামের কৃষক রহমান মিয়া বলেন, "এবার ধানের ফলন ভালো হওয়ায় গত বছরের ক্ষতি পুষিয়েও লাভবান হওয়া যাবে।"
কৃষক রফি মিয়া জানান, বাম্পার ফলন হয়েছে, আবহাওয়া ভাল থাকলে এবার কৃষক পুরো ফসল ঘরে তুলতে পারবে।
এদিকে এবারো ডুবতে বসেছিলো হাওরের ফসল। মার্চ মাসে জেলার দু'একটি হাওরে পানি ঢুকলেও তা বিশেষ ক্ষতি করতে পারেনি। লোকজন স্বেচ্ছাশ্রমে সেই বাঁধ আবার মেরামত করে।
অবশ্য পরে আর বড় ধরনের বৃষ্টিও হয়নি। এবার বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে কৃষক গোলায় ধান তুলতে পারবে বলে আশা করেন ধান কাটা শ্রমিক রফিক উদ্দিন, বাদশা মিয়া ও আবুল হোসেন।
সুনামগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্চ মাসে জেলার দু'একটি হাওরে পানি ঢুকলেও ফসলের তেমন ক্ষতি হয়নি। আগামী কয়েক দিন পাহাড়ী ঢল বা বৃষ্টি না হলে এবার কৃষকরা পুরো ফসল গোলায় তুলতে পারবেন।"
সুনামগঞ্জ জেলা কৃষি স
bdnews24