কুমিল্লা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে কুমিল−ার নাঙ্গলকোটে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামছুদ্দিন কালু।
স্থগিত একটি ভোট কেন্দ্রে শনিবার ভোটগ্রহণের পর তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন।
সামছুদ্দিন কালু ৫ হাজার ৭৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আফসার নয়ন পেয়েছেন ৫ হাজার ২৪৮ ভোট।
গত ১৮ জানুয়ারি নির্বাচনী সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে ধাতিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত হয়। এরপর ৬ এপ্রিল কেন্দ্রটিতে ভোটের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
মুহাম্মদ রেহান উদ্দিন জানান, স্থগিত এ ভোট কেন্দ্রে শনিবার ৫৭৩টি ভোটের মধ্যে ৪৯৫টি ভোট গৃহীত হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কেন্দ্রে সামছুদ্দিন কালু ৩২২ ভোট এবং নুরুল আফসার নয়ন পেয়েছেন ১৩৯ ভোট।
উপজেলার ধাতিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
১৮ জানুয়ারি ভোট হওয়া ১০টি কেন্দ্রের ফলাফলে কালু ৫ হাজার ৪২৯ ভোট পেয়েছিলেন। নয়ন পেয়েছিলেন ৫ হাজার ১০১ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১৮ ঘ.
bdnews24