ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলো কার্যালয়ের নিচে পাওয়া বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এর সঙ্গে একটি চিরকুট পাওয়ার কথা পুলিশ জানিয়েছে, যাতে সরকারের জঙ্গিদমন কার্যক্রমের সমালোচনা করা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার চার্টার্ড একাউটেনডেন্ট (সিএ) ভবনের নিচ থেকে বোমা সদৃশ একটি বস্তু গোয়েন্দা পুলিশ উদ্ধার করে। এ ভবনেই প্রথম আলো কার্যালয়।
একই ধরনের একটি বস্তু এবং চিরকুট গত বৃহস্পতিবার পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন নেতার মাজারেও পাওয়া গিয়েছিলো।
পুলিশের ধারণা, আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজটি করছে।
প্রথম আলো কার্যালয়ে পাওয়া বস্তুটি পরীক্ষার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি বোমা নয়। লাল স্কচটেপে মোড়ানো ব্যাটারি ও সুইচ থাকলেও এগুলো সংযোগ বিচ্ছিন্ন ছিলো।
বস্তুটির ভেতরে যে চিরকুটটি পাওয়া যায়, তাতে অসম্পূর্ণ বাক্য ও ভুল বানানে লেখায় সরকারের জঙ্গি ও মৌলবাদ দমন কার্যক্রমের সমালোচনা করা হয়। এছাড়া পুঁজিবাজারে অস্থিরতার জন্যও সরকারকে দায়ী করা হয়।
গোয়েন্দা কর্মকর্তা সানোয়ার বলেন, "লেখা দেখে মনে হয়েছে চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর হাতের লেখা।"
তিন নেতার মাজারে পাওয়া চিরকুটের ফটোকপি এটি হতে পারে বলে তিনি মনে করছেন।
তবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে সানোয়ার জানান।
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএ ভবনের নিচে তাদের গাড়ি পার্কিং জায়গায় লাল স্কচটেপ মোড়ানো বোমার মতো বস্তুটি দেখে তারা গোয়েন্দা পুলিশকে খবর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৮০০ ঘ.
bdnews24