২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় নিহত জিয়াউল ও ইউনুসের লাশ দাফন

কঙ্গোতে জাতিসংঘের বিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই সেনা সদস্যের লাশ শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা/চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঙ্গোতে জাতিসংঘের বিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই সেনা সদস্যের লাশ শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কে এম জিয়াউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে এবং ইউনুস মিয়াকে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় দুপুরে সমাহিত করা হয়। জিয়াউল হককে সমাহিত করার সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। দুই ভাই, তিন বোনের মধ্যে চতুর্থ জিয়াউলের স্থায়ী নিবাস নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার লাদুরচর (মজমপুর) গ্রামে। কঙ্গো যাওয়ার সময় খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে দায়িত্বরত ছিলেন তিনি। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৮৭ সালে এসএসসি এবং ১৯৮৯ সালে এইচএসসি পাস করার পর ১৯৯০ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন জিয়াউল। ২০০০ সালে জাতিসংঘ শান্তি মিশনে এক বছরের জন্য কুয়েতে ছিলেন তিনি। জিয়াউলের সাড়ে ছয় বছর বয়সী এক মেয়ে এবং ১৫ মাস বয়সী এক ছেলে রয়েছে। সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের নয়াহাট এলাকার পারিবারিক কবরস্থানে ইউনুস মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বলে জানান সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে সাতকানিয়া বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ইউনুসের লাশ আসে। পরে একটি অ্যাম্বুলেন্সে ইউনুসের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পুরানগড় শাহ শরফুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়। ইউনুস ২০০৭ সালের ২৩ মার্চ সেনাবাহিনীতে যোগ দেন। গত বছরের ১০ অক্টোবর তিনি কঙ্গোয় জাতিসংঘ শান্তি মিশনে যান। তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ইউনুসের তিন বছর ও তিন মাস বয়সী দুই ছেলে রয়েছে। গত ৪ এপ্রিল ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে কিনসাসা বিমান বন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়লে অন্তত ৩৩ জন নিহত হন। ইউনুস ঘটনাস্থলেই মারা যান, জিয়াউল মারা যান হাসপাতালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/আরএ/১৫২৩ ঘ.