গাইবান্ধা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় গাছের ডালের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের ছাদে থাকা পাঁচ জন নিহত হয়েছে।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কাছে শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। সৈকত পরিবহনের বাসটি ছাদে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিপরীতমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের ডালের সঙ্গে ছাদের যাত্রীদরে ধাক্কা লাগে। এতে ২০ জন আহত হলে চালক বাসটি পলাশবাড়ী বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায়।
আহতদের মধ্যে তিন জন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মারা যায়। দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নিহতদের মধ্যে চার জনের পরিচয় মিলেছে। তারা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মন্দুয়ার গ্রামের শাকিল মিয়া (১৮), ফুলছড়ি উপজেলার সালুয়া গ্রামের রঞ্জু মিয়া (২৮) এবং কাতলামারী গ্রামের মিঠু মিয়া (৩০), সাদুল্লাপুর উপজেলার শ্রীকলা গ্রামের জিলিম খাঁ (৬০)।
আহতদের মধ্যে ১৩ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৫০ ঘ.
bdnews24