ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে বাহাদুরপুল লেনে নির্মাণাধীন একটি ভবনে ককটেল বানানোর সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ ওই ভবনে অভিযান চালায়।
শ্যামপুর থানার ওসি মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল ইসলাম (২২) ও রুবেল (২৪) নামের দুই যুবক ভবনটির দ্বিতীয় তলায় ককটেল বানাচ্ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনতা তাকে ধরে গণধোলাই দেয়।
নজরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, " ঘটনাস্থলে ১৫টি ককটেল পাওয়া গেছে। নজরুল ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। রুবেল একজন বধির। বোমা তৈরির কাজে তাকে ব্যবহার করা হয়।"
তাদের দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৪০ ঘ.
bdnews24