লক্ষ্মীপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে স্থগিত নির্বাচন আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বুধবার নির্বাচন কমিশন এ তারিখ ঘোষণা করে।
২ এপ্রিল এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিলো। নির্বাচনের ১ দিন আগে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন রাজুর প্রার্থীতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায়।
এরপর তার কর্মী-সমর্থকরা গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে। তারা ইউএনও অফিস ঘেরাও করে নির্বাচন স্থগিত করার দাবি জানায়।
পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় প্রশাসন নির্বাচন স্থগিত করে।
এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৬৭ জন।
রাজুর প্রার্থীতা বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে বর্তমানে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪৭ ঘ.
bdnews24