২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজিরপুরে এক যুবকের চোখ তুলে নিয়েছে প্রতিপক্ষ

ইউপি নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের উজিরপুর উপজেলায় এক যুবকের চোখ তুলে নিয়েছে প্রতিপক্ষরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

বরিশাল, এপ্রিল ১৫ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের উজিরপুর উপজেলায় এক যুবকের চোখ তুলে নিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাতে উপজেলার শোলক ইউনিয়নের উত্তর শোলক গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. ইউসুফ আলীকে (৩০) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউসুফের বাবা আকমত আলী আকন জানান, তার ছেলে ইউপি নির্বাচনে শোলক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর হোসেনকে সমর্থন দেওয়ায় পরাজিত প্রার্থী বাশার সিকদারের লোকজন কয়েকদিন আগে ইউসুফকে মারধর করে। এই ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে ইউসুফকে তার ফুপুর বাড়ি থেকে ধরে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। তিনি অভিযোগ করেন, ইউসুফকে শোলক গ্রামের তেঁতুল তলায় নিয়ে হাত পা বেঁধে মারধর করে বাশারের লোকজন। এক পর্যায়ে তারা চাকু দিয়ে খুঁচিয়ে ইউসুফের একটি চোখ তুলে ফেলে এবং অপরটি নষ্ট করে দেয়। পরে পুলিশ ইউসুফকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাতে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ সাংবাদিকদের বলেন, বাশারের চাচাতো ভাই সেলিম, এছাহাক মোল্লা, নজরুল, জাহাঙ্গীর ও খোকনসহ ১২/১৫ জন তাকে প্রথমে মারধর করে। পরে তারা তার চোখ তুলে ফেলে। কর্তব্যরত চিকিৎসক জানান, ইউসুফের বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ডান চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউসুফের ফুফু অনোয়ারা বেগম বলেন, "পুলিশ আসতে দেরি করায় ইউসুফকে চোখ হারাতে হলো। তারা ঠিক সময়ে আসলে এ ঘটনা ঘটতো না।" উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম শেখ বলেন, "নির্বাচন ও জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইউসুফের বাবা একটি মামলা করবেন বলে জানিয়েছেন।" বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৬০৬ ঘ.