২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে জিপ খাদে পড়ে ২ আদিবাসী শিশু নিহত

বান্দরবানের চিম্বুক এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় জিপ খাদে পড়ে ঘটনাস্থলেই দুই আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

বান্দরবান, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের চিম্বুক এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় জিপ খাদে পড়ে ঘটনাস্থলেই দুই আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৪ জন। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সদর উপজেলার চিম্বুক-টঙ্কাবতী সড়কের বাগানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২২ জনকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন মেনওয়াই ম্রো (১২) এবং চামচাই ম্রো (১৫)। বান্দরবান সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের টঙ্কাবতী থেকে একদল আদিবাসী পহেলা বৈশাখ উপলক্ষে চিম্বুকের বাইট্টাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জিপে করে দুপুর ২টার দিকে রওয়ানা হন। বিকাল ৩টার দিকে বাগানপাড়া এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রবীর চন্দ্র বণিক জানান, ২৪ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২১৫০ ঘ.