২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনটেইনারে তিন সপ্তাহ, ১ জন জীবিত উদ্ধার

কার্গো কনটেইনারে তিন সপ্তাহ ধরে আটকে থাকার পর চট্টগ্রাম বন্দরের এক শ্রমিককে সিঙ্গাপুরের একটি বন্দরে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্গো কনটেইনারে তিন সপ্তাহ ধরে আটকে থাকার পর চট্টগ্রাম বন্দরের এক শ্রমিককে সিঙ্গাপুরের একটি বন্দরে জীবিত উদ্ধার করা হয়েছে। তার নাম দীন ইসলাম (৩০)। এই তিন সপ্তাহ তিনি খাবার ও পানি ছাড়াই কনটেইনারের ভেতরে ছিলেন। অবশ্য তার সঙ্গী অপর শ্রমিকের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরের 'দি স্ট্রেইটস টাইমস' বুধবার এ খবর দিয়েছে। এতে বলা হয়, দুই সপ্তাহ আগে এই কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে কার্গো জাহাজে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এর ভেতরেই আটকা পড়েন দীন ইসলাম ও অপর শ্রমিক আলমগীর। রোববার রাতে সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনালের কর্মীরা ওই কনটেইনারের মধ্যে দীন ইসলামকে জীবিত ও অপর এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। দুই সপ্তাহ আগে কনটেইনারটি চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। দীন ইসলাম সিঙ্গাপুরের পুলিশকে জানায়, তারা দু'জন চট্টগ্রাম বন্দরে কাজ করার ফাঁকে গত ২১ মার্চ ওই কনটেইনারে বিশ্রাম নিতে গিয়ে তাতে আটকা পড়ে। পত্রিকাটির খবরে আরো বলা হয়, পরে ওই কনটেইনারটি 'হানসা কালেডো' নামে একটি কার্গো জাহাজে উঠানো হয়। ২৬ মার্চ এটি সিঙ্গাপুরের বন্দরে পৌঁছায়। বন্দরের ইয়ার্ডে এই কনটেইনারটি দুই সপ্তাহ ধরে উন্মুক্ত স্থানে রাখা ছিল। দীন ইসলাম পুলিশ কে আরো জানায় যে, মৃত শ্রমিকটি তার সঙ্গেই বন্দরে কাজ করতো। তার নাম আলমগীর। বর্তমানে সিঙ্গাপুরের আলেক্সান্দ্রা হাসপাতালে দীন ইসলাম সুস্থ হয়ে উঠছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবরে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২১৩১ ঘ.