২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে বৈশাখী শোভাযাত্রায় সংঘর্ষ, আহত ৫০

বর্ষবরণের শোভাযাত্রায় রং ছিটানোকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

মাদারীপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষবরণের শোভাযাত্রায় রং ছিটানোকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ রোড এলাকায় দফায় দফায় সংঘর্ষ হলে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে কামাল হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে সাতজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) ফায়েকুজ্জামান (৪০), সাবেক পৌর কমিশনার বাবুল বেপারী (৫০), তার স্ত্রী রেখা বেগম (৪০), ছেলে তুষার (১৮), আকরাম সরদার (২৫), মোস্তাফিজুর রহমান (৩০) ও আসলাম (২৮)। উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়াজ ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী তাহমিনা ছিদ্দিকী দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বর্ষবরণ উপলক্ষে কালকিনি বাজার কমিটির উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা কলেজ রোডে পৌঁছালে পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের আরেকটি শোভাযাত্রা থেকে কিছু কর্মী মেয়েদের গায়ে আবীর ছিটিয়ে দেয়। এ সময় বাজার কমিটির শোভাযাত্রা থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মী প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন অভিযোগ করেন, সংঘর্ষের শেষ দিকে পুলিশ পার্শ্ববর্তী ঝাউতলা গ্রামের কয়েকটি বাড়িতে ঢুকে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। কালকিনি থানার ওসি একেএম শাহীন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, "এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।" পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৯৩৩ ঘ.