গোপালগঞ্জ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপন্ন প্রাণী রক্ষার অংশ হিসেবে গোপালগঞ্জে প্রায় দুইশ' বছরের পুরনো কাছিম মেলা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
জনগণের সহায়তায় বৃহস্পতিবার এ মেলা বন্ধ করে দেওয়া হয়েছে বলে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর মাহামুদ সাংবাদিকদের জানান।
কোটালীপাড়ার রাজাপুর গ্রামে আন্ধারমানিক নদীর পাড়ে এক দিনের এই কাছিম মেলা বৃহস্পতিবার সকালে শুরু হয়। বেলা ১০টার দিকে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে মেলা বন্ধ করে দেন।
প্রায় দুইশ বছর ধরে চৈত্র সংক্রান্তিতে এ মেলা হয়ে আসছিলো। বরিশাল, ভোলা ও গোপালগঞ্জ জেলার ব্যবসায়ীরা এ মেলায় হাজার হাজার কাছিম নিয়ে আসতেন। কাছিম কেটে এর মাংস বিক্রি করা হতো।
এখানে প্রতিবছর প্রায় ১৫ লাখ টাকার কাছিম বিক্রি হতো বলে জানায় এলাকাবাসী।
ইউএনও কবীর মাহামুদ বলেন, "প্রকাশ্যে কাছিম হত্যা করায় এ প্রজাতি বিপন্ন হয়ে যাচ্ছে। এতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও কাছিম হত্যা বন্ধ করতে এ মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।"
দুইশ বছরের পুরনো এই মেলাকে ঘিরে স্থানীয়ভাবে কিছু প্রথা তৈরি হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন কাছিমের মাংস দিয়েই এ এলাকায় আত্মীয়-স্বজনদের আপ্যায়ন করা হয়।
রামশীল ইউনিয়নের রামশীল গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট শিশির চৌধুরী বলেন, "এটি এ অঞ্চলের মানুষের জন্য প্রথায় পরিণত হলেও পরিবেশের কথা বিবেচনা করে প্রশাসন মেলা বন্ধ করে যথার্থ সিদ্ধান্তই নিয়েছে।"
কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিপদ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিপন্ন কাছিম রক্ষায় নিধন বন্ধ করতে হবে।"
মেলা বন্ধ করায় সন্তোষ প্রকাশ করে রাজাপুর গ্রামের নিরঞ্জন বালা বলেন, "কাছিম হত্যা ও বিক্রি বন্ধ করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই।"
রামশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস বলেন, "মন একটু খারাপ হলেও সরকারের এ সিদ্ধান্ত এলাকার মানুষ মেনে নিয়েছে। তাদের মধ্যে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া নেই।"
এদিকে মেলা বন্ধ হয়ে যাওয়ার পর আগৈলঝাড়া উপজেলার আন্ধারমানিক গ্রামে পুলিশকে ঘুষ দিয়ে গোপনে কাছিমের মাংস বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, প্রতিকেজি কাছিমের মাংস ৬শ টাকা দরে বিক্রি হয়েছে।
কাছিম বিক্রেতা প্রদীপ মণ্ডল, বুদ্ধিমন্ত বিশ্বাস, জগদীশ মণ্ডল ও ভোলা বিশ্বাস অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগৈলঝাড়া থানা পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) প্রতি কেজি কাছিমের মাংসের জন্য একশ টাকা করে ঘুষ দিতে হয়েছে।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, "আন্ধারমানিক গ্রামে কাছিম বিক্রি হয়েছে বলে আমার জানা নেই। আর টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না।"
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর মাহামুদ গোপনে কাছিমের মাংস বিক্রি হওয়ার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩৩ ঘ.
bdnews24