নীলফামারী, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চৈত্রের খরতাপের পর বৈশাখের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজেছে উত্তরের কয়েকটি জেলা। এর মধ্যে নীলফামারী ভূরুঙ্গামারীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার দুই শতাধিক ঘর।
বৈশাখীর প্রথম দিনে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরও দিয়েছিলো।
নীলফামারীর ডোমার, ডিমলা ও ভূরুঙ্গামারী উপজেলার ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরে আধঘণ্টা স্থায়ী কালবৈশাখী বয়ে যায়।
এতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝড় ইউনিয়নের হাটেরকুটি গ্রামে দুই নারী-শ্রমিক বজ্রপাতে মারা যান।
এলাকাবাসী জানান, ঝড়ের সময় ওই দুই নারী শ্রমিক হাটেরকুটি গ্রামে রাস্থায় মাটির কাজ করছিলেন।
নিহত ফেলানী (৩৮) পাশের কমলারকুটি গ্রাম ও রোজিনা (১২) হাটেরকুটি গ্রামের বাসিন্দা।
এছাড়া ডিমলা ও ডোমার দুই উপজেলায় প্রায় ২০০ কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলেরও।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের দেওয়া তথ্য অনুযায়ী, দুই উপজেলার ২০০ ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শতাধিক একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
ঝড়ে প্রায় ২৫ একর মরিচ ক্ষেত নষ্ট হয়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তারা।
রংপুর ও কুড়িগ্রামেও বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে চট্টগ্রামেও।
রাজশাহীতে রাত সোয়া ৮টার দিকে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। স্থানীয় আবহাওয়া অফিস এদিন ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১৪ দশমিক ৮ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাদেকুল আলম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমতে শুরু করেছে। খরতাপের বৈশাখের প্রথম দিনে রাজধানীসহ দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৩০ ঘ.
bdnews24