গাজীপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
তার নাম তাহমিদা আক্তার ডেইজি (৩৬)। বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউটের ৫ তলা আবাসিক ভবন ছায়ানীড়ের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
তিনি রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ডেইজি ওই ভবনের পঞ্চম তলায় স্বামী-সন্তান নিয়ে ৮-১০ বছর ধরে বাস করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে স্বামী ও দুই সন্তান ইনস্টিটিউটের ক্যাম্পাসে পহেলা বৈশাখের অনুষ্ঠানে চলে গেলে ডেইজি ছাদে উঠে লাফিয়ে পড়েন।
ডেইজির পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, তিনি বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন এবং নিয়মিত ঘুমের ওষুধ খেতেন।
ডেইজির স্বামীর নাম মো. ইকবাল হক স্বপন। তিনি আঞ্চলিক মসলা গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫২ ঘ.
bdnews24