ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চানখারপুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ মার্কেটে আগুনে তিনটি দোকান ও একটি গুদাম আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনী জানিয়েছে।
দমকল বাহিনীর চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সৈয়দ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টার সার্জিক্যাল মেডিসিন কর্নার নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে।
আগুনে স্টার ছাড়াও সুপার র্ফামা ও সরদার জনি ফার্মেসি নামে দুটি দোকান এবং সঙ্গের একটি গুদাম পুড়েছে। এতে ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকা বলে দমকল বাহিনী জানিয়েছে।
তবে স্টার সার্জিক্যাল কর্নারের মালিক আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে তার দোকানেরই প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়েছে।
আগুন নেভাতে ছিটানো পানিতে আশপাশের দোকানের মালামালেরও ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
লাইফ মেডিসিন সেন্টার নামে একটি দোকানের মালিক ফখরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দোকানে আগুন লাগেনি। কিন্তু দমকল বাহিনীর পানিতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ভিজে গেছে।
তেমনি লাইফ মেডিসিনের পাশের দোকান মেরী ড্রাগসেরও প্রায় ১০ লাখ টাকার মালামাল ভিজে গেছে বলে ফখরুল জানান।
আগুনে কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৪২০ ঘ.
bdnews24