২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেফহোমে' জিজ্ঞাসাবাদ হবে নিজামী-মুজাহিদের

একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতা নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকে কারাগারের বাইরে বিশেষ একটি বাড়িতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতা নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকে কারাগারের বাইরে বিশেষ একটি বাড়িতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালকে ধানমণ্ডির ওই বাড়িটি বরাদ্দ দিয়েছে সরকার। এটাকে সেফহোম' বলা হচ্ছে। ট্রাইব্যুনাল এর আগে দুই জামায়াত নেতাকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলো। আদেশ পরিবর্তনে তদন্ত সংস্থার আবেদনে বুধবার 'সেফহোমে' জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদের সময় চিকিৎসক এবং অভিযুক্তদের আইনজীবীর পাশের কক্ষে রাখতে বলেছে আদালত। ট্রাইব্যুনালের এর আগে দেওয়া আদেশের প্রতি যথাযথ মনোযোগ না দেওয়ায় কারা কর্তৃপক্ষকেও সতর্ক করে দিয়েছে আদালত। গত ৫ এপ্রিল ট্রাইব্যুনাল জামায়াতের এ দুই নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আলাদাভাবে একদিন করে সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেয়। ওই দিন দেওয়া আদেশে দুই জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারকে একটি বিশেষ কক্ষও নির্ধারণ করতে বলা হয়। তদন্ত সংস্থা গত ২৩ মার্চ নিজামী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। ২৭ মার্চ মুজাহিদকে জিজ্ঞাসাবাদের আবেদন হয়। সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি হবে আগামী ১৯ এপ্রিল। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ শীর্ষ নেতা এবং দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে। এদের মধ্যে জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৪৪ ঘ.