শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "দামাদামি নাই। নিলে এক দাম তেরশ টাকা। জোড়া আড়াই হাজার"- বুধবার সকালে মিরপুর ১ নম্বর সেকসনের বাজারে এক মাছ বিক্রেতা এক কেজি ওজনের একেকটি ইলিশের জন্য এভাবেই দাম হাঁকলেন।
বিক্রেতার বলা 'এক দামে' অনেককেই মাছ কিনতে দেখা গেলো। আর আর্থিক সঙ্গতি না থাকায় অনেকেই আবার ফিরে যাযচ্ছিলেন মাছ না কিনেই।
মিরপুরের মতো রাজধানীর কয়েকটি বাজার ঘুরেও ইলিশের দাম একই রকমই দেখা যায়। কারণ পহেলা বৈশাখ।
বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলা নতুন বছর। বর্ষবরণের দিনে নগরে পান্তা-ইলিশ খাওয়ার যে ঝোঁক দেখা যায় নগর জীবনে, তাই ইলিশের চাহিদা ও দাম বাড়িয়ে দিয়েছে বলে বিক্রেতারা জানান।
মিরপুর ১ নম্বর, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে ইলিশ কিনতে ভিড় দেখা যায়। ইলিশের সরবরাহও বেশ, তবে দাম বেশি। অন্য সময় যে ইলিশ ৩৫০-৫০০ টাকায় বিক্রি হয়, বুধবার তা বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৫০০ টাকায়।
বছরের অন্য সময় কেজি দরে ইলিশ বিক্রি হলেও বাংলা নববর্ষের ঠিক আগের দিন তা আর কেজি দরে কিনতে পাওয়া যাচ্ছে না। ইলিশের পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে জাটকা।
মিরপুর ১ নম্বর বাজারের বিক্রেতা শাহিন সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝামেলা না করে এক দামে বিক্রি করছি। কেউ না নিলে অসুবিধা নাই। রাতে আরো বেশি দামে বিক্রি করা যাবে।"
"পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম বেশি", বলেন তিনি।
ইলিশের দাম যে অনেক বেশি তা টের পাওয়া গেলো এনজিও কর্মকর্তা আতিকুর রহমানের কথায়।
৯০০ টাকা দিয়ে একটি ইলিশ কিনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়ের বায়না মেটাতেই ইলিশ কেনা। একটি ইলিশ কিনেই বাজারের টাকা শেষ, তাই বাসায় চলে যাচ্ছি।"
আর ফিরোজা বেগম বাজারের বিভিন্ন দোকানে ঘণ্টাখানেক ঘুরেও বড় সাইজের একটি ইলিশ কিনতে পারেননি। তাই তার আক্ষেপটাও অন্য রকম- "কোথায় ইলিশ। বাজারে যা বিক্রি হচ্ছে সবই তো জাটকা।"
মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, জাটকা থেকে একটু বড় ইলিশ বিক্রি হচ্ছে ২৫০-৪০০ টাকায়। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়।
মেগাশপগুলোতে ৬৫০-৮০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রির ঘোষণা থাকলেও সেখানে ইলিশ মিলছে না বলে অনেকে অভিযোগ করেছেন।
কলেজ শিক্ষার্থী মুরাদ জানান, চিড়িয়াখানা রোড়ে একটি নামকরা মেগাশপে বৈশাখ উপলক্ষে ৬৫০ টাকা কেজি দরে ইলিশ বিক্রির কথা থাকলেও বুধবার সকালে সেখানে ইলিশ পাওয়া যায়নি।
কারওয়ান বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, ছোট পুঁটি ১২০ টাকা, চিংড়ি ৩০০-৫০০ টাকা, রুই ৯০-১৩০ টাকা, দেশি রুই ২০০ টাকা, কাতলা ১০০ টাকা কেজি করে দাম চাইলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। সবাই ইলিশ কিনতে ভিড় করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১২৪০ ঘ.
bdnews24