ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান এলাকার আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া শিশুটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ।
সোমবার বিকালে আশকোনার হোটেল সেতুর চতুর্থ তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মেয়েটির নাম রুমি আক্তার (৭)। বাবার নাম আবদুল লতিফ। সে সিলেট ওসমানী নগর আনহার হোসাইন একাডেমীর দ্বিতীয় শ্রেণীতে পড়তো। রোববার স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয় সে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে রুমির ভাই শাহাদাত হোসেন ও চাচা আবু তাহের লাশ সনাক্ত করেন।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে রায়হান (১৯) নামের এক যুবক বোন পরিচয় দিয়ে রুমিকে নিয়ে ওই হোটেলে ওঠে। সোমবার বিকেলে কক্ষের বিছানায় রুমির নগ্ন মৃতদেহ পাওয়া যায়।
হোটেলের রেজিস্ট্রারে রুমির নাম সঠিকভাবে লেখা হলেও বাবার নাম উল্লেখ করা হয় মাওলানা আবুল বাশার। ঠিকানা সুনামগঞ্জের ব্রাহ্মণশাহীপুর গ্রাম।
হাসপাতালের মর্গে শাহাদাত সাংবাদিকদের বলেন, রায়হান নামে যে ছেলেটি বোন পরিচয় দিয়ে রুমিকে নিয়ে হোটেলে উঠেছিল, সে তার মামাতো ভাই। তবে রায়হান কেন রুমিকে হত্যা করেছে তা তিনি বলতে পারেননি।
এসআই লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যার আগে নির্যাতন করার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বোঝা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২৩৩৮ ঘ.
bdnews24