২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত শিশু ২৭ দিন পর নারায়ণগঞ্জে উদ্ধার

চট্টগ্রাম থেকে অপহৃত ১৪ মাস বয়েসি এক শিশু অপহৃত হওয়ার ২৭ দিন পর নারারয়ণগঞ্জ থেকে উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে অপহৃত ১৪ মাস বয়েসি এক শিশু অপহৃত হওয়ার ২৭ দিন পর নারারয়ণগঞ্জ থেকে উদ্ধার হয়েছে। উদ্ধার শিশুটির নাম আলিফ। গ্রেপ্তার হয়েছেন অপহরণকারী স্বামী-স্ত্রী। গ্রেপ্তাররা হলেন- মো. সামিউল ইসলাম (২৫) ও তার স্ত্রী নিগার সুলতানা মিনাকে (২৬)। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার ভোর পর্যন্ত টানা চারদিন নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ে অভিযান চালিয়ে শিশু উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে। সামিউলকে পঞ্চগড় থেকে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে মিনাকে শিশু আলিফসহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গত ১৬ মার্চ নগরীর পতেঙ্গা থানার আকবর আলী কলোনির বাসিন্দা পোশাক কারখানার কর্মকর্তা আনোয়ার হোসেনের ১৪ মাস বয়েসী ছেলেশিশু রেজাউল করিম রাজ আলিফকে বাসা থেকে অপহরণ করে সামিউল ও তার স্ত্রী মিনা। এ ঘটনার পর আনোয়ার পতেঙ্গা থানায় অপহরণ মামলা করেন। পুলিশ জানায়, অপহরণকারীরা আনোয়ারের প্রতিবেশি ছিলেন। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে পঞ্চগড় সীমান্ত পথে ভারতে পাচারের প্রস্তুতি নিয়েছিলো তারা। "অপহরণকারী মিনার একটি মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ তার অবস্থান নির্ধারণ করে। শিশুটিকে অপহরণের পর প্রথমে পঞ্চগড় এরপর নীলফামারী ও কুড়িগ্রাম এবং সবশেষে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৩ ঘ.