২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের অভিযোগে যুবককে গণপিটুনি, হাত-পায়ের রগ কর্তন

মটর সাইকেল ছিনতাই চেষ্টা ও সন্ত্রাসের অভিযোগে মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে এক যুবককে গণপিটুনি দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

মাগুরা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মটর সাইকেল ছিনতাই চেষ্টা ও সন্ত্রাসের অভিযোগে মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে এক যুবককে গণপিটুনি দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। রেঞ্জু (২৫) নামের ওই যুবককে বিকাল ৫টার দিকে পুলিশ উদ্ধার করে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেঞ্জু একজন চিহ্নিত সন্ত্রাসী। কিছুদিন আগে সে আমার মটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি নিয়ে আমার বাবা থানায় জিডি করেন। রেঞ্জু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোয় তার উপর গ্রামবাসী ক্ষুব্ধ। মঙ্গলবার বিকালে সে আমার মটর সাইকেল আবার ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সে ধরা পড়ে যায়। গ্রামবাসী তাকে পিটুনি দিয়েছে।" সদর থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন বলেন, "একই গ্রামের হাবিবুর রহমান নামের এক ব্যক্তি তার ছেলের মটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ১০ এপ্রিল রেঞ্জুর বিরুদ্ধে জিডি করেন। এর দুদিনের মাথায় আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এখনো তার জ্ঞান ফেরেনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।" মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মডিকেল অফিসার ডা. মুক্তাদির রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই হাত ও এক পায়ের রগ কাটা এবং মাথায় জখম নিয়ে তাকে হাসাপাতালে ভর্তি করা হয়।" অবস্থার উন্নতি না ঘটায় স্বজনরা রেঞ্জুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০০ ঘ.