২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রামীণের সব প্রতিষ্ঠানে গরিবদের ইক্যুইটি দিন'

'গ্রামীণ নামধারী' সব প্রতিষ্ঠানে দেশের গরিব মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'গ্রামীণ নামধারী' সব প্রতিষ্ঠানে দেশের গরিব মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। দারিদ্র বিমোচন কর্মসূচির অগ্রগতি নিয়ে মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ফরাসউদ্দিন বলেন, "গ্রামীণ নামধারী যতো প্রতিষ্ঠান আছে, সবগুলোতে গরিবদের ইক্যুইটি দেওয়া উচিৎ। নাম যখন ব্যবহার করবেন, তখন ইক্যুইটিও শেয়ার করতে হবে।" 'দারিদ্র্য বিমোচেন: কোথায় দাঁড়িয়ে আমরা' শীর্ষক এই আলোচনা সভায় আলোচকরা বলেন, বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে সাফাল্য পেলেও ধনী-গরিবের বৈষম্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এ বৈষম্য ঘোচাতে শিক্ষা, স্বাস্থ্যসহ অবকাঠামো উন্নয়ন খাতে বড় অংকের বিনিয়োগ প্রয়োজন। পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, সরকার ওই দুটি খাতের উন্নয়নে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে দারিদ্র্যের হারও কমে আসছে। তবে দুর্নীতির ব্যাপক বিস্তারের কারণে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। "আমরা কেউ করাপশনের বাইরে না। এ কারণে ডেভেলপমেন্ট যতোটা আশা করা হয়, ততোটা হয় না। উন্নতি করতে হলে আমাদের এই ব্যাধি থেকে বের হয়ে আসতে হবে।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশে দারিদ্র্য কমে আসার পেছনে সবচে বড় ভূমিকা রেখেছে রপ্তানি আয়, প্রবাসী আয় (রেমিটেন্স) ও প্রবৃদ্ধি। তিনি বলেন, "দারিদ্র্যের মূলোৎপাটন করতে হলে সুশাসন নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে গরিব মানুষের সম্পদ বাড়াতে কাজ করতে হবে।" ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ৫০ শতাংশ লোকের দৈনিক আয় ১.২৫ ডলারের নিচে। সাবেক গর্ভনর ফরাসউদ্দিন সরকারের দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআএসপি) সমালোচনা করলেও পঞ্চবার্ষিক পরিকল্পনা ফিরিয়ে আনায় সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা-বিআইডিএসের অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, দেশজুড়ে জনগণের মধ্যে সঞ্চয় বৈষম্য বাড়তে থাকায় কাঙ্খিত সুফল পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, "কর মওকুফের সংস্কৃতির কারণে যারা কর ফাঁকি দেয় তাদেরই আয় বাড়ছে। এতে সমজে অসমতাও বৃদ্ধি পাচ্ছে।" শ্রমকে গরিব মানুষের একমাত্র সম্পদ উল্লেখ করে বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়া গেলে তাদের পক্ষে দারিদ্র্র্য কাটিয়ে ওঠা সহজ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৯৫৫ ঘ.