২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

সরকারি- বেসরকারি কলেজে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি- বেসরকারি কলেজে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী। ওই নির্দেশনাপত্রে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি কলেজে কিছু সংখ্যক শিক্ষক ক্লাশের নির্ধারিত সময় ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকছেন না এবং বিনা অনুমতিতে প্রায়ই ক্লাসে অনুপস্থিত থাকেন। তাদের এ আচরণ গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এবং সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ ১৯৭৯ এর পরিপন্থী। কর্তব্যে অবহেলার জন্য দায়ী শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ/প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, বর্তমান সময়সূচি অনুযায়ী দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর মত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। বেসরকারি কলেজের কিছু সংখ্যক শিক্ষকের ক্ষেত্রেও একই রকম অভিযোগ পাওয়া যাচ্ছে বলে নির্দেশনা পত্রে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৮৪২ ঘ.